ডিজিটাল যুগে বসবাস করার জন্য ডিজিটাল দক্ষতা দরকার। ডিজিটাল দক্ষতা ছাড়া কোন ক্ষেত্রেই টিকে থাকা সম্ভব হবে না বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
অর্থ মন্ত্রনালয়ের আওতায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর সাথে শুরু হতে যাচ্ছে ২ বছর মেয়াদী বেসিস এসইআইপি ট্রেঞ্চ ৩ প্রকল্প উপলক্ষ্য বেসিস অডিটরিয়ামে রবিবার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে অনলাইনে উপস্থিত থাকে মন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, তৃতীয় শিল্প বিপ্লবের শেষ ধাপের ট্রেনিংগুলোই এখনো করানো হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের যেসব নতুন প্রযুক্তি আসছে সেসব প্রযুক্তির প্রয়োগ আমাদের এখানে খুব ধীর গতিতে দেখতে পাচ্ছি। যখন এর প্রয়োগ হতে থাকবে তখন চাহিদা বাড়বে এবং জনশক্তির প্রয়োজনীয়তা বাড়বে।
ফাইভজির এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফেসবুক, ইন্টারনেটে সাইট দেখার জন্য ফাইভজির ব্যবহার না। ফাইভজি মূলত অনেক বেশি ইন্ডাস্ট্রি কেন্দ্রিক হবে। অনেকে কলকারখানা চালু রাখার জন্য ফাইভজিকে ব্যবহার করবে। মাছ, সরিষা, ধান চাষ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিবর্তন হবে। এই প্রয়োগের ফলে মানব সম্পদেও বিশাল পরিবর্তন আসবে এর জন্য আগে থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠানে বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, বাংলাদেশে যে তরুণ জন সম্পদ রয়েছে তাদের দক্ষ করে তোলতে ট্রেনিং এর কোন বিকল্প নাই, তাদের দক্ষ করে তোলতে পারলে তারা অর্থনীতিতে অবদান রাখবে। বাংলাদেশে ২৬ লক্ষ শিক্ষিত বেকার, যাদের শিক্ষা জ্ঞান থাকলেও দক্ষতার অভাব রয়েছে। যারা ট্রেনিং নিয়েছে তারা চাকরি করছে, না হয় নিজেরাই কিছু করছে। তাই দক্ষতার কোন বিকল্প নাই।
বেসিস এসইআইপি ট্রেঞ্চ ৩ ট্রেনিংটি ঢাকা এবং চট্টগ্রামে করানো হবে। ২ বছরে ৭ হাজার ৫০০ তরুণকে এই ট্রনিং দেয়া হবে। কোন ধরনের ফি ছাড়ায় ১৯ টি বিষয়ের যে কোন কোর্স করার সুযোগ থাকছে। ট্রেনিং শেষে থাকবে ভাতা সুবিধা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি ফারহানা এ রহমান ও সহসভাপতি শোয়েব আহমেদ।
আগ্রহীগণ
http://seip.bitm.org.bd/seip/registration/ লিঙ্কের মাধ্যমে বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে পারবেন।